মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে দোয়ারাবাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালানবিরোধী সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অভিযুক্তের নাম আব্দুল আহাদ ভূঁইয়া। ঘটনার পরপরই স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে দিয়েছেন।

গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে জাতীয় দৈনিক ‘সংবাদ’-এর দোয়ারাবাজার উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার সাংবাদিককে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত সাংবাদিক মোতালিব ভূঁইয়ার অভিযোগ, অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত। তাঁর এসব অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হন। রোববার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে কার্যালয়ে ঢুকে আহাদ তাঁর ওপর হামলা চালান। এতে তাঁর ডান হাতের কবজি, বাঁ হাতের কনুই, গলা ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে কার্যালয়ে হামলা চালানো হয়েছিল এবং এ নিয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল বলে জানান তিনি।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত আব্দুল আহাদকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আটক আহাদের বিরুদ্ধে মাদক ও সীমান্তকেন্দ্রিক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং একাধিক মামলা রয়েছে।

এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোতালিব ভূঁইয়ার ওপর এ বর্বরোচিত হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁরা অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।