রড খুলতে প্রয়োজন ২ লাখ টাকা: সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব 

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

সুনামগঞ্জ সংবাদদাতা | সিলেট 

সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী সুনামগঞ্জের অসহায় মোটর সাইকেল চালক সুবিনয় দাস (২৬) স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আকুতি জানিয়েছেন। আগামী ২০ অক্টোবর সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি জরুরি অপারেশন হওয়ার কথা রয়েছে, যার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু চরম অর্থসংকটে থাকায় তার পরিবার এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে সুনামগঞ্জ শহরের আব্দুস জহুর সেতু থেকে দুইজন যাত্রী নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে যাচ্ছিলেন সুবিনয়। পথিমধ্যে উকরাবসি গ্রামের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীরা অক্ষত থাকলেও চালক সুবিনয়ের ডান পা ভেঙে চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সে সময় সুবিনয়ের মা পারুল রানী দাস ছেলের সহপাঠী ও সমাজের দানশীল ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে যৎসামান্য আর্থিক সহায়তা জোগাড় করেন। সেই অর্থ দিয়ে ওসমানী মেডিকেলে সুবিনয়ের পায়ে প্রায় ৪০টির মতো রড ঢুকিয়ে অস্ত্রোপচার করা হয়।

সুবিনয় দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামের দিপুল দাস ও পারুল রানী দাসের ছেলে। দুর্ঘটনার পর থেকে কর্মক্ষমতা হারিয়ে দীর্ঘ দিন ধরে বিছানায় শয্যাশায়ী তিনি।

চলতি মাসের ২০ অক্টোবর সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে সুবিনয়ের পায়ের সেই রডগুলো বের করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপারেশনের আনুষঙ্গিক খরচ ও ওষুধের জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু চিকিৎসার পেছনে ইতিমধ্যে সর্বস্বান্ত হওয়া এই দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

সুবিনয়ের মা পারুল রানী দাস অশ্রুসজল চোখে বলেন, “টাকার অভাবে ছেলের অপারেশন আটকা পইড়া আছে। সমাজের দয়াবান মানুষরা একটু সাহায্য করলে আমার পুতটা আবার সুস্থ হইয়া নিজের পায়ে দাঁড়াইতে পারত।” সবার সামান্যতম সহায়তায় সুবিনয় আবার নতুন করে বেঁচে থাকার এবং স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন।

সরাসরি যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা:

• নাম: সুবিনয় দাস

• বিকাশ ও নগদ নম্বর: ০১৭৬৮৯৮৮০০৬ (ব্যক্তিগত)

• ঠিকানা: গ্রাম: গৌরারং, ইউনিয়ন: গৌরারং, উপজেলা: সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।

ছবি – দুর্ঘটনায় আহত সুবিনয় দাস।