জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের গণটিকাদান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেট নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপকভিত্তিক কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর মির্জা জাঙ্গাল এলাকার জেলা ভেটেরিনারি হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) যৌথ উদ্যোগে ১৫ দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিক সচিব মো. আশিক নূর এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা ও হাসপাতালের আশপাশে কুকুরের উপদ্রব বাড়লেও কুকুর নিধন কোনো স্থায়ী বা মানবিক সমাধান নয়। কুকুরের কামড়ে মানুষের শরীরে যাতে জলাতঙ্কের সংক্রমণ না ঘটে, সেই লক্ষ্যেই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি যেসব এলাকায় কুকুরের সংখ্যা ও উপদ্রব বেশি, সেসব এলাকার সঠিক তথ্য দিয়ে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের বেওয়ারিশ ও পোষা কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ঢাকা থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের ৪টি দল মাঠপর্যায়ে সরাসরি এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। টিকা দেওয়া শেষ হলে কুকুরগুলোকে সহজে চেনার জন্য তাদের শরীরে বিশেষ রঙের চিহ্ন দেওয়া হচ্ছে। এছাড়া পুরো প্রক্রিয়াটি প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে সমন্বয়ের জন্য সিসিকের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি দায়িত্ব পালন করছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়ার পর সিসিকের অর্থায়নে স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সম্মিলিতভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








