কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ সংবাদদাতা|সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, নির্ভুল তথ্য নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগী নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, ফ্যামিলি কার্ডের সুবিধা বণ্টনে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত সাধারণ মানুষ এই সুবিধা পাবেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান (মনাফ)-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু সাঈদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবরসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তথ্য সংগ্রহকারী সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা কেবল পাঁচ হাজার টাকা ভাতার মধ্যে সীমাবদ্ধ নয়। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এসব সুবিধা প্রাপ্তির শর্ত ও বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। নির্ধারিত শ্রেণি ও যোগ্যতার ভিত্তিতেই উপকারভোগীদের এই কার্ডের আওতায় আনা হবে।
তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের সতর্ক করে সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত স্বার্থে কোনো অযোগ্য ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য সংগ্রহ বা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম মিললে সংশ্লিষ্ট সুপারভাইজারের দায়িত্ব বাতিলসহ বিধি অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ নির্ভুলভাবে সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। এই কর্মসূচির মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় সরকারি সহায়তা পান, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।








