সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষকে বস্ত্রদান

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

সুনামগঞ্জ সংবাদদাতা:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের পশ্চিম নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ‘আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ’। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র উপহার দেওয়া হয়।

বস্ত্র বিতরণের আগে মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা হিমাদ্রী রায় প্রান্তের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, সাংগঠনিক সম্পাদক সুবল সরকার অক্ষয়, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয় ও মহিলা সম্পাদিকা মলি রায়। এ সময় সংগঠনের সাধারণ সদস্য সৌরভ, বিনয়, গৌরব, ধ্রুব, অরূপসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মের মূল বাণীই হলো সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মানবকল্যাণে কাজ করা। নিয়মিত ঈশ্বর আরাধনা ও সৎ কর্মের মাধ্যমে মানুষের মন পরিশুদ্ধ হয়। ধর্মীয় উৎসবের আনন্দ এককভাবে উপভোগ না করে সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শতাধিক সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে পূজার নতুন বস্ত্র তুলে দেন।