সিলেটে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ব্যক্তির বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চারজন মারা গেলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৫ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চারজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, বানিয়াচং ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮ জনে। জেলাভিত্তিক আক্রান্তের হিসাবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে হবিগঞ্জ। জেলাটিতে এখন পর্যন্ত ২৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ১৩৯ জন, সিলেটে ১৩৩ জন এবং মৌলভীবাজারে ৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া আরও ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ১১ জন ভর্তি আছেন। বাকি রোগীরা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল এবং লাখাই, বানিয়াচং, মাধবপুর, নবীগঞ্জ, ধর্মপাশা ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সাধারণ মানুষকে এডিস মশা প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।








