সিলেটে মহানগর হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা, ২ মাসের আলটিমেটাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক | সিলেট

জনস্বাস্থ্য রক্ষায় মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালানো হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সিলেটের দরগাহ গেট এলাকায় অবস্থিত মহানগর হাসপাতালে এই মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন, সিলেট। অভিযানকালে বিভিন্ন অনিয়ম ও লাইসেন্স না থাকায় হাসপাতালটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং একই সাথে ত্রুটি সংশোধনের জন্য ২ মাসের আলটিমেটাম প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ দরগাহ গেটের মহানগর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ লাবণ্য ইসলাম ঋতু। অভিযানকালে হাসপাতালটিতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ড্রাগ ফার্মেসির লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের কোনো লাইসেন্স পাওয়া যায়নি।

বৈধ কাগজপত্র ছাড়া হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ‘মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২’ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি), পোস্ট অপারেটিভ রুম এবং অটোক্লেভ রুমের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা থাকায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর ৫৩ ধারায় এই জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ লাবণ্য ইসলাম ঋতু জানান, লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা দেওয়া জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ২ মাসের মধ্যে সকল লাইসেন্স নবায়ন/সংগ্রহ এবং পরিবেশ উন্নত করার আলটিমেটাম দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসন, সিলেটের এ ধরনের কর্মতৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।