রিকশাচালকের মৃত্যু: সিলেটে পুলিশ দেখে সুরমা নদীতে ঝাঁপ
নিজস্ব প্রতিবেদক | সিলেট
সিলেট নগরীতে জুয়াড়িদের আড্ডা ‘শিলং তীর’ বিরোধী অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর কানিশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং বর্তমানে নগরীর শামীমাবাদ ১ নম্বর রোডে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কানিশাইল এলাকায় শিলং তীরবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জজ মিয়াসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গ্রেপ্তার এড়াতে জজ মিয়া পাশের সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁকে নদী থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে জজ মিয়াসহ কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জজ মিয়া সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত জজ মিয়া আগে থেকেই হৃদ্রোগজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








