সেনা কর্মকর্তা পরিচয়ে অনুদানের নামে প্রতারণার চেষ্টা, ওসমানীনগরে খামারিদের সতর্কবার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

টাকা দাবির অভিযোগ, কাউকে অর্থ না দিতে প্রাণিসম্পদ কর্মকর্তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক| সিলেট 

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে অনুদানের প্রলোভন দেখিয়ে খামারিদের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। সিলেটের ওসমানীনগরে এ ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এস এম মামুন নিজের ফেসবুক পেজে খামারিদের সতর্ক করেছেন। অনুদানের নামে কাউকে কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত রোববার (১১ অক্টোবর) বিকেলে “ভয়েস ফর ভয়েসলেস (Voice for Voiceless)” পেজে দেওয়া বার্তায় ডা. মামুন জানান, গত ১০ অক্টোবর এক ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন স্টাফের সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তি বলেন, সেনাবাহিনীর একটি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক অনুদান দেওয়া হবে এবং এ জন্য খামারিদের তালিকা প্রয়োজন।

পরে ওই ব্যক্তির সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার যোগাযোগ হয়। তিনি জানান, সরল বিশ্বাসে এবং খামারিরা বিনামূল্যে সহায়তা পেলে উপকৃত হবেন, এই বিবেচনায় কয়েকজন খামারিকে ওই ব্যক্তির মোবাইল নম্বর (+৮৮০১৩২৯৮৮১৭৫২) দেন। পরে তিনি জানতে পারেন, অনুদান পাইয়ে দেওয়ার বিনিময়ে খামারিদের কাছে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টিকে তিনি “অত্যন্ত সন্দেহজনক” ও প্রতারণার সুস্পষ্ট আশঙ্কা হিসেবে উল্লেখ করেছেন। ওই ব্যক্তির সামরিক পরিচয়ও তিনি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেননি।

সতর্কবার্তায় তিনি বলেন, অনুদানের নামে কাউকে একটি টাকাও দেওয়া যাবে না। নিবন্ধন ফি, প্রসেসিং ফি বা অন্য কোনো অজুহাতে আর্থিক লেনদেন থেকেও বিরত থাকতে হবে। তাঁর ভাষ্য, প্রকৃত সরকারি অনুদান পেতে ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার প্রয়োজন হয় না। কেউ ইতোমধ্যে টাকা দাবির মুখে পড়লে তাঁকে জানাতে এবং কথোপকথন ও লেনদেনের প্রমাণ সংরক্ষণ করতে অনুরোধ করেছেন তিনি।

পোস্টের সঙ্গে সামরিক পোশাক পরা এক ব্যক্তির ছবি এবং একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট যুক্ত করা হয়েছে। স্ক্রিনশটে “md:sajjad” নামের একটি প্রোফাইল দেখা যায়, যার ছবিতে সামরিক পোশাকের কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে। সেখানে একটি বার্তায় কয়েকটি শিক্ষাগত ও সামরিক প্রশিক্ষণের সংক্ষিপ্ত রূপের পাশাপাশি “সভাপতি, ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা” পদবি এবং দুটি ফোন নম্বর লেখা আছে। এর নিচে একাধিক ভয়েস কলের তথ্যও রয়েছে।

তবে ছবিটি প্রকৃতপক্ষে ওই ব্যক্তির কি না, তা যাচাই করা যায়নি। এ কারণে ছবিতে থাকা ব্যক্তিকে প্রতারক হিসেবে চিহ্নিত না করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাইয়ের ওপর জোর দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

পেজের পক্ষ থেকে তথ্য

সতর্কবার্তাটি প্রকাশের পর পেজের পক্ষ থেকে (Author চিহ্নসহ) জানানো হয়েছে, একজন খামারি নাকি ইতোমধ্যে প্রতারকদের টাকাও দিয়েছেন। খামারি নিজেই সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটটি পাঠিয়েছেন। তবে কতজন খামারি টাকা দিয়েছেন বা কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এরিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বা সংশ্লিষ্ট কোনো দপ্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।