সিলেটে আগামীকাল থেকে বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম শুরু

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক | সিলেট

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামীকাল সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম। নগরীর ৪২টি ওয়ার্ডেই একযোগে এই ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় আগামীকাল সোমবার সকাল ১১টায় নগরীর মির্জা জাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম এই কার্যক্রমের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে জানান, বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা দেওয়ার মাধ্যমে কুকুর থেকে মানুষের শরীরে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। এটি জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। পাশাপাশি এই টিকাদান কর্মসূচি পুরো নগরীতে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরবাসীকে এই টিকাদান কার্যক্রম চলাকালীন প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, যাতে কোনো ওয়ার্ডই কর্মসূচির আওতা থেকে বাদ না পড়ে।